ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪০তম বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বুধবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিকালে এই মেলা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে বিএনপি এই প্রথমবারের মতো এরকম কোনো আয়োজন করেছে।
মেলায় ১১টি স্টল রয়েছে। মহিলা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওই সব স্টলে শীতের পোশাক ও নানা রকমারি বুটিক বস্ত্রের সম্ভার রয়েছে।
এছাড়া রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী।
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্বাস্থ্য সেবা ও রক্তদান কর্মসূচিও রয়েছে।
সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দলীয় ও দেশাত্মাবোধক গান পরিবেশন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24