২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: উপজেলা চেয়ারম্যানদের মানববন্ধন

বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেট বিভাগের উপজেলা পরিষদ চেয়ারম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

সিলেট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেট বিভাগের উপজেলা পরিষদ চেয়ারম্যানরা। ‘সিলেট বিভাগ উপজেলা চেয়ারম্যান ঐক্য পরিষদ’ মঙ্গলবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে। এতে বিভাগের বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও অংশ নেন। বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর গণমাধমে আসে। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। যদিও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন, এ বাঁধ হয়ে গেলে মেঘনা, সুরমা, কুশিয়ারা পাড়ের প্রায় ৬ কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। ধ্বংস হবে জীব বৈচিত্র্য, বলেন বক্তারা। তারা ভারতকে এ বাঁধ নির্মাণ থেকে সরে আসার আহবান জানান। মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের মধ্যে গোয়াইনঘাটের আব্দুল হেকিম চৌধুরী, জৈন্তাপুরের জয়নাল আবেদীন, কানাইঘাটের আশিক চৌধুরী, দক্ষিণ সুরমার লোকমান আহমদ, ছাতকের মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জের সাইফুল্লাহ আল হোসাইন, দিরাইয়ের আব্দুল কুদ্দুস, তাহিরপুরের আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারনম্যানদের মধ্যে সিলেট সদরের আবুল কাশেম, ফেঞ্চুগঞ্জের শহীদুর রহমান রুম্মান, বিশ্বনাথের গৌছ খান, জৈন্তাপুরের মুহিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্প প্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হওয়ার পর তা কখনো ভাঙলে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে। এই বাঁধ নির্মাণের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি ও সরকারের শরিক জাতীয় পার্টি আন্দোলন করছে। সিলেটে হরতাল করেছে বিএনপি। ঢাকা-জকিগঞ্জ লংমার্চ করেছে জাতীয় পার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.