২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরনিদ্রায় শায়িত কবীর চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামান্য মনীষায় জীবনভর যুক্তি আর জ্ঞানের আলো ছড়িয়ে চলে গেলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এই শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কৃতি অনুবাদকের বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার ভোরে কোনো এক সময় নয়াপল্টনে নিজের বাসায় মারা যান কবীর চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মেয়ে, শাহীন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাও ছিল তার সঙ্গে। ঘুমের মধ্যেই সব শেষ।” ভোর ৬টার দিকে বাবাকে ওষুধ খাওয়াতে গিয়ে শাহীন দেখেন, তিনি আর নেই। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, কবীর চৌধুরীর স্থান পূরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রী সকালে তার বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও। কবীর চৌধুরী মৃত্যুর আগেই এক চিঠিতে নির্দেশনা দিয়ে যান, তার মরদেহ যাতে সবার শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেওয়া না হয়। তার জানাজা ও দাফন যেন খুব সাধারণভাবে করা হয়। ১৯২৩ সালের ৯ ফেব্র“য়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন কবীর চৌধুরী। তবে তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে। বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম তাদের বড় ছেলের নাম রাখেন আবুল কালাম মোহাম্মদ কবীর। তবে কর্মজীবনে তিনি অধ্যাপক কবীর চৌধুরী হিসেবেই পরিচিত হন। কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে øাতক ডিগ্রি পান ১৯৪৪ সালে। ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি হানাদর বাহিনী তার ছোটভাই মুনীর চৌধুরীকে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার পরপরই কবীর চৌধুরীকে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ছাড়াও বাংলা একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৮ সালে তাকে জাতীয় অধ্যাপক করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যুক্তি আর মানবতার পক্ষে জীবনভর লড়াই চালিয়ে যাওয়া এই শিক্ষক কলম ছাড়েননি জীবনের শেষ দিনগুলোতেও। ২০০৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক কবীর চৌধুরী মানবতাকেই উচ্চে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, “লেখার জন্য আরো সময় পেলে ভালো হতো। ভালো হতো, যদি দিনটা ২৪ ঘণ্টার চেয়ে আরেকটু বড় হতো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/জেকে/১৮২০ ঘ.