ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবানে জাতিসংঘ জলবায়ু সম্মেলন পুরোপুরি সফল হয়নি জানিয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এতে বাংলাদেশের অনেক চাওয়া পূরণ হয়নি।
দক্ষিণ আফ্রিকায় কপ-১৭ সম্মেলনে অংশ নেওয়া মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “এ সম্মেলনে অনেক চাওয়া ছিলো। কিন্তু আমরা তার কিছু না পেয়ে হতাশ হয়েছি। এতে বাংলাদেশ সন্তুষ্ট নয়।”
গত ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ডারবানে জলবায়ু সম্মেলন হয়। বিশ্বে কার্বন নির্গমন কমাতে কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচিত হলেও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। শুধু কার্বন নির্গমন কমাতে আইনি বাধ্যবাধকতা আরোপের বিষয়ে সমঝোতা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, সম্মেলনে কিয়োটো প্রটোকলের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত বাড়ানো প্রস্তাব ছিলো। তবে জাপান, কানাডা এবং রাশিয়া এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে এ প্রটোকল থেকে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি বাংলাদেশসহ অন্য দেশগুলোর জন্য দুঃখজনক ঘটনা।
মন্ত্রী জানান, কিয়োটো প্রটোকলে স্বাক্ষরকারী দেশগুলো স্বাক্ষরের আগে ৫০ শতাংশ কার্বন নির্গমন ঘটাতো। বর্তমানে তারা মাত্র ২৭ শতাংশ কার্বন নির্গমন করছে। ওই তিনটি দেশ বেরিয়ে যাওয়া এ প্রটোকলের সফলতার জন্য অত্যন্ত হতাশাজনক।
কিয়োটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালেই শেষ হচ্ছে। তার আগেই নতুন একটি প্রটোকলের তোড়জোড় চলছে কয়েক বছর ধরেই, তবে তাতে সফলতা এখনো আসেনি।
মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর আপত্তির কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে ২০২০ সালে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এটা অনেক দূরের কথা। উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে আরো আগেই কাজ শুরু করা প্রয়োজন।
ডারবান সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নামে একটি নতুন তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান হাছান মাহমুদ।
জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার জন্য কানকুন সম্মেলনে এ ধরনের আরেকটি তহবিল গঠন করা হয়।
এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ৩০ বিলিয়ন ডলারের ফার্স্ট স্টার্ট ফান্ড থেকে মাত্র তিন বিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। এর থেকে বাংলাদেশ এ পর্যন্ত প্রায় ৩০ কোটি ডলার পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৫০ ঘ.
bdnews24