কক্সবাজার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় একটি বাজারে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ১৫টি দোকান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রামুর ফকিরাবাজারে সোমবার রাত পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছে পুলিশ।
রামু থানার ওসি নজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টা ৪০ মিনিটের দিকে সমর চক্রবর্তীর ফার্মেসি থেকে আকম্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
রাত সোয়া ১১টার দিকে চকরিয়া ও কক্সবাজার থেকে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি এসে পৌঁছায়। রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরো অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি নজিবুল ইসলাম বলেন, “রামু সদরে দমকলের কোনো স্টেশন নেই। চকরিয়া থেকে দমকল বাহিনীর গাড়ি পৌঁছে রাত সোয়া ১১টার দিকে। কক্সবাজার থেকে আসে আরো পরে। দমকল বাহিনী আসার আগেই দোকানগুলো পুড়ে যায়।”
ফকিরাবাজারের ব্যবসায়ী আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি স’মিল, কয়েকটি মুদির দোকান, ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনী। তবে ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫০৫ ঘ.
bdnews24