২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আরেক ক্যাপ্টেনকে হাইকোর্টে তলব

বিচারপতিকে নিয়ে আপত্তিকর রেডিও বার্তা পাঠানোয় বিমানের আরো এক ক্যাপ্টেনকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতিকে নিয়ে আপত্তিকর রেডিও বার্তা পাঠানোয় বিমানের আরো এক ক্যাপ্টেনকে তলব করেছে হাইকোর্ট। আদালত অবমাননার জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণ তার কাছে জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এই রুল জারি করে। ক্যাপ্টেন শফিককে আগামী ৮ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে হবে। গত ২৮ অক্টোবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় হাইকোর্টের একজন বিচারপতি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে আদালতে অভিযোগ করেন আইনজীবী রিয়াজ উদ্দিন খান। ক্যাপ্টেন শফিকের বিরুদ্ধে অভিযোগ, ওই দিন বিমান উড়ার পর তিনি রেডিওবার্তার মাধ্যমে ফ্লাইট পরিচালনাকারী ক্যাপ্টেন এনামের সঙ্গে যোগাযোগ করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর ওই বিচারপতিকে পুলিশের কাছে ধরিয়ে দিতে বলেছিলেন। বিষয়টি আদালতকে জানানোর পর এই আদেশ দেওয়া হয় বলে অভিযোগকারীর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিচারপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ওই দিন ক্যাপ্টেন এনাম, ফার্স্ট অফিসার আবেদ এবং ক্রু শবনমেরও আদালতে হাজির থাকার নির্দেশ রয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. জাকিউল ইসলামকে তলব করেছিল হাইকোর্ট। পরে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেকেআই/এমআই/২৩১৩ ঘ.