২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: সাক্ষী সুজাউল হককে জেরা শেষ

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার একাদশ সাক্ষী মেজর সুজাউল হককে জেরা করা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার একাদশ সাক্ষী মেজর সুজাউল হককে জেরা করা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। রোববার সকালে তার জেরা শুরু হয়। সোমবার জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী দল। রাজধানীর বখশিবাজার আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এদিন সকাল সাড়ে ৯টায় আদালত শুরুর পর আসামি পক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। দুই দফা বিরতি দিয়ে বিকাল পৌনে ৫টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। সুজাউল হককে জেরা শেষে এ মামলার দ্বাদশ সাক্ষী মেজর শাহ আলম আদালতে জবানবন্দি দেন। শাহ আলমের জবানবন্দি শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। ওই দিন শাহ আলমকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরার সময় আসামি পক্ষের আইনজীবীরা মেজর সুজাউল হকের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি বিডিআর বিদ্রোহে জেসিও নায়েব সুবেদার শাহ আলমের বাসাকে বিদ্রোহীদের কেন্দ্র বানিয়ে পিলখানা হত্যার নেতৃত্ব দিয়েছেন। পরে ২৬ ফেব্র“য়ারি (২০০৯ সালের) বিকালে বিদ্রোহী সৈনিকদের মতো দেওয়াল টপকে পালিয়ে যান তিনি। এই অভিযোগের জবাবে সুজাউল বলেন, “এসব বক্তব্যের কোনটিরই সত্যতা নেই।” মেজর সুজাউল তার জবানবন্দিতে বলেছিলেন, বিদ্রোহ শুরুর পর তিনি নায়েব সুবেদার শাহ আলমের বাসায় আশ্রয় নিয়েছিলেন। গত ২৪ অগাস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ ও সাক্ষীদের জেরা শুরু হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় জওয়ানদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হয়। বিদ্রোহের পর বিডিআর’র নাম পাল্টে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়। বদলানো হয় এই বাহিনীর পোশাকও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/২১৫১ ঘ.