২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

মানব পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে নতুন আইনের খসড়া অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে নতুন আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তা অনুমোদিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। মন্ত্রিসভায় খসড়াটি চূড়ান্ত অনুমোদন হওয়ায় এটি এখন সংসদে উপস্থাপন হবে। সেখানে অনুমোদন পেলেই তা আইন হিসেবে কার্যকর হবে। প্রেসসচিব বলেন, “মন্ত্রিসভা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। এ আইনে সর্বোচ্চ সাজা রাখা হয়েছে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা।” মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের প্রথম অধিবেশনের জন্য তৈরি করা রাষ্ট্রপতির ভাষণের খসড়াও অনুমোদন হয়েছে বলে প্রেসসচিব জানান। তিনি জানান, মুক্তিযুদ্ধে অবদান রাখায় সম্মাননার জন্য ১২৭ জন বিদেশির নামও মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয়েছে। এছাড়া ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইনে’র খসড়া চূড়ান্ত অনুমোদন এবং ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন’-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা ‘খসড়া শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইক্লিং বিধিমালা’ প্রণয়নেরও নীতিগত অনুমোদন দেয় বলে জানান প্রেসসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.