২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বাংলাদেশির দুই বছর কারাদণ্ড

যুক্তরাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশিকে প্রায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশিকে প্রায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খন্দকার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নামের এই বাংলাদেশি যুক্তরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলের কামব্রিয়া কাউন্টিতে একটি রেস্টুরেন্টের মালিক। তাকে গত ৮ ডিসেম্বর কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাজ্যে অন্যদের অবৈধ বসবাস ও কাজের সুযোগ করে দেওয়ার কথা স্বীকার করার পর তাকে দণ্ড দেয় আদালত। ঢাকায় যুক্তরাজ্য হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কামব্রিয়ার ক্লেটর মুর শহরের অনামিকা রেস্টুরেন্টে ইউকে বর্ডার এজেন্সি দুইবার পরিদর্শন করে সেখানে অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজ করার প্রমাণ পায়। ইউকে বর্ডার এজেন্সির এক মুখপাত্র বলেন, “অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ করে অধিক মুনাফা লাভের আশায় যারা আইন অমান্য করে এটা তাদের জন্য একটা দৃষ্টান্ত। অবৈধ অভিবাসীরা খুবই সামান্য বেতনে অথবা বেতন ছাড়াই এবং নিুমানের আবাসন ব্যবস্থা নিয়েই কাজ করে।” “কর ফাঁকি ও কর্মীদের ঠকিয়ে এবং তাদের জাতীয় ইন্স্যুরেন্সের অর্থ না দিয়ে (যা অন্য বৈধ কর্মীদের দিতে হয়) ওয়াহিদুজ্জামান অর্থ উপার্জন করেছেন।” গত পাঁচ সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি অভিযানে ১৬ অবৈধ বাংলাদেশি কর্মী গ্রেপ্তার হয়। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং শিক্ষার্থী ভিসার শর্ত না মেনে কাজ করে তারা যুক্তরাজ্যের অভিবাসন আইন লঙ্ঘন করেন। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে তাদের যুক্তরাজ্য থেকে সরিয়ে দিতে ইউকে বর্ডার এজেন্সি এখন কাজ করছে বলে হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়। ওল্ডহ্যাম, এসেক্স, ডেভন ও নরফোকে অভিযান চালিয়ে এসব অবৈধ কর্মীদের গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন রেস্তোরায় ও একটি মাংসের দোকানে অবৈধভাবে কাজ করছিলো। এসব ব্যক্তিদের কাজে নিয়োগ দেওয়ার আগে সঠিকভাবে কাগজপত্র যাচাই-বাছাই করার হয়েছে এমনটি প্রমাণ করতে না পারলে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে এখন প্রত্যেক অবৈধ কর্মীর জন্য ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩২৪ ঘ.