ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
অলির আবেদনে রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় অলি আদালতে হাজির ছিলেন।
আদালতে অলির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. দিলীরুজ্জামান।
চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু আহাম্মদ জুনু ৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেছিলেন।
মারামারি এবং সম্পদের হিসাব বিবরণী না দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় গত ৭ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান অলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/১৯৩৪ ঘ.
bdnews24