ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর নির্যাতন চালানোর ঘটনায় খিলগাঁও থানার ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় নিতে পুলিশের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কাদেরকে নির্যাতনের ঘটনা সম্পর্কে পুলিশের তদন্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেওয়ার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
সকালে এই আদালতের সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন পুলিশের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন।
আদেশে আদালত বলেছে, “আমরা এ ঘটনায় আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের একটি প্রতিবেদন পেয়েছি। ওই প্রতিবেদনে খিলগাঁও থানার ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যেতে পারে বলা হয়। আজ পুলিশের প্রতিবেদনও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিভাগীয় মামলা দায়েরে সুপারিশ করেছে।”
“উভয় প্রতিবেদন বিবেচনায় নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দায়িত্বপ্রাপ্ত সচিব) আশীষ রঞ্জন দাসের কমিটির সুপারিশ অনুযায়ী তার (ওসি) বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দিচ্ছি।”
কাদেরের ওপর নির্যাতনের খবর প্রকাশিত হওয়ার পর তা আদালতের গোচরে এলে এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। গত ২৮ নভেম্বর বিচার বিভাগীয় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন আদালতে জমা দেয়।
ওই প্রতিবেদনে বলা হয়, কাদেরকে সন্দেহবশত আটক করা হয় এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো এবং নির্যাতন চালানো হয়।
গত ১৫ জুলাই খিলগাঁও বিশ্বরোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের ছাত্র কাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দাবি করে। তবে কাদেরের দাবি, তাকে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ছিনতাইয়ের প্রস্তুতির সময় কাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে আসছে, এ গ্রেপ্তার হয়রানিমূলক।
গ্রেপ্তারের পর কাদেরের ওপর পুলিশি নির্যাতন এবং তার বিরুদ্ধে ভুয়া মামলার অভিযোগ আনে তার পরিবার। বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনে নালিশও জানান তার মা মনোয়ারা বেগম। কাদেরের বাবা আব্দুল রউফ কুমিল্লার দেবীদ্বার থানার শিক্ষা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24