মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
শনিবাার রাত সোয়া ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। রোববার সকাল ৯টার দিকে আবার চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়।
বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উভয় পারে প্রায় ৫’শ যান পারাপারের অপেক্ষায় ছিল। এছাড়া ঘাটে নোঙর করা ফেরিগুলোতে ছিল আরো চারশ’র মতো গাড়ি।
পদ্মায় আটকে পড়েছিল ফেরি কপোতী, টাপলু, করবী, কিশোরী ও যমুনা। মাওয়া প্রান্তে ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাওড়াকান্দি প্রান্তে রামশ্রী, রানীগঞ্জ, রানীক্ষেত এবং কাঁঠালবাড়িতে নোঙ্গর করেছিল ফেরি ফরিদপুর ও কাবেরী।
এছাড়া ধলেশ্বরী, মেঘনা ও ইছামতি নদীতেও নৌ চলাচল প্রায় একই সময় ধরে বন্ধ ছিল বলে জানিয়েছেন সিরাজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৯ ঘ.
bdnews24