হবিগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বরাক নদীতে টিপাইমুখে বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থিত স্বেচ্ছাসেবক দল।
রোববার দুপুরে মিছিলটি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের কয়েকটি স্থানে পথসভা করে তারা।
বক্তারা বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। তাই শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও বাংলাদেশের জনগণ এ বাঁধের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
এসব পথসভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শামছুজ্জামান জামান, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আমিনুর রশীদ এমরান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সেলিম, যুগ্ম-আহ্বায়ক আহমুদুর রহমান আবদাল প্রমুখ।
এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার উপর হামলা ও টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সকালে জাতীয়তাবাদী কৃষক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে মানববন্ধন করেছে।
এসময় সেখানে বক্তব্য দেন জেলা কৃষক দল সভাপতি মুখলিছ উর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২৫ ঘ.
bdnews24