ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা তিন জামায়াত নেতার ‘যুদ্ধাপরাধের’ বর্ণনা দেন। একই অপরাধে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর অন্য নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে এদিন অভিযোগ উত্থাপনের কথা থাকলেও তা হয়নি।
তিন জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনালের বিচারকরা। সেদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধেও অভিযোগ উত্থাপনের জন্য বলেছে আদালত।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘যুদ্ধাপরাধ’র বিচার ইতোমধ্যে শুরু হয়েছে।
গত ১ নভেম্বর জামায়াতের সাবেক আমীর গোলাম আযমসহ এ চার জামায়াত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৪০ জন, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে ৪৫ জন, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে ৩৭ জন এবং কাদের মোল¬ার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার প্রতিবেদনে ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।
জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে।
বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীও যুদ্ধাপরাধ মামলায় আটক রয়েছেন। এছাড়া প্রয়াত জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/পিডি/০০০০ ঘ.
bdnews24