ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চানখারপুলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
অগ্রণী ট্রেডিং নামের ওই প্রতিষ্ঠানের গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন কোষাধ্যক্ষ মো. আব্দুল খালেক এবং স্টোর সহকারী মো. সায়েম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মো. সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমরা একটি ব্যাগে করে ১২ লাখ টাকা নিয়ে পায়ে হেটে অফিসের কাছেই পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। পথে তিনটি মটর সাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী গুলি করে টাকার ব্যাগটি নিয়ে যায়।”
খালেকের দুই পায়ের হাটুর নীচে এবং সায়েম পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।
চকবাজার থানার ওসি মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনান্থলে পৌঁছে এবং সন্ত্রাসীদের আটক করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৩১৫ ঘ.
bdnews24