সাভার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাই ও সাভারে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধামরাইয়ে অভিযানকালে বোমা এবং অস্ত্রও উদ্ধার করা হয়।
শনিবার ভোরে ধামরাই এবং শুক্রবার সন্ধ্যায় সাভারে অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার দু’জন হলেন বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতলী পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম (২৬) ও সাভার আমিনবাজারের মাসুম খন্দকার (৩০)।
র্যাব-৪ এর অধিনায়ক মেজর মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিদ্দিকী টিম্বার অ্যান্ড স’ মিলের পাশের জঙ্গল থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
ওইখান থেকে একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, পাঁচটি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরিফুর আরো জানান, শুক্রবার সন্ধ্যায় সাভারের আমিনবাজার থেকে সন্ত্রাসী টিক্কা গ্র“পের সদস্য মাসুম খন্দকারকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ১৯৯৯ সালে আমিনবাজারে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের (শফি ও কাজল মেম্বার) এজাহারভুক্ত আসামি মাসুম খন্দকার দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি এলাকায় ফিরে এসে ব্যপকভাবে চাঁদাবাজি ও ছিনতাই শুরু করে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
তার বিরুদ্ধে সাভার ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০৪৪ ঘ.
bdnews24