বগুড়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে একটি পুরনো ভবনের ছাদ ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে চাঁদনীবাজার লেনে এ দুর্ঘটনায় নিহতরা হলেন সদরের কৈচর এলাকার মো. হানিফ (৪২) ও বেলাইলের অনিল (৩৬)।
ঘটনার পর থেকেই বাড়ির মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ ও অনিল এলাকার সইফুল ইসলাম ফটিকের পুরনো তিনতলা ভবনের ছাদ ভাঙার কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে ছাদের একটি রড বের করার সময় তা পাশের বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে তাদের লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24