চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- মাদকসহ চোরাচালান নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় যৌথ টহল দেবে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসিজদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সীমান্তে রাতে যৌথভাবে টহলদল দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।”
এ বছর ঢাকা সফরে এসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সীমান্ত নিরাপত্তা বাড়াতে দু’দেশের যৌথ টহলের ধারণা দেন। পরে অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ শীর্ষ বৈঠকে যৌথ টহলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল সাড়ে ১১টায় সোনা মসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সম্মেলন কক্ষে এই বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা।
বৈঠকে বিজিবি’র ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান এবং আট সদস্যের বিএসএফ দলের নেতৃত্ব দেন মালদহ সেক্টরের ডিআইজি অমরজিৎ সিং।
বৈঠকে মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচারসহ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার বিষয়ে আলোচনা হয় বলে বিজিবি জানায়।
সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার অভ্যন্তরে পাকা রাস্তা নির্মাণ নিয়ে ইতোপূর্বে বিএসএফ আপত্তি জানালেও এই সভায় বিষয়টিতে প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
লে. কর্নেল জাহাঙ্গীর আরো জানান, সীমান্তে উদ্ভূত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে দু’পক্ষ একমত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৩ ঘ.
bdnews24