ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার গৌরনগর গ্রামে সরকার গোষ্ঠী ও হাজেরা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত মো. রবিউল্লাহ (২৯) সরকার গোষ্ঠীর সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে অন্তত ৪০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
নবীনগর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরকার ও হাজেরা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় অন্তত ২৫টি হাত বোমা বিস্ফোরিত হয়। ভাংচুর হয় উভয়পক্ষের অন্তত ৩০টি বাড়িঘর।
হাসপাতালে নেওয়ার পর আহত রবিউল্লাহর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৫ ঘ.
bdnews24