ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেডিট কার্ড প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের একজন ডাক বিভাগের কর্মচারী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল আহম্মেদ ওরফে দাদা ভাই (৫২), আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রব (৪২) ও রাসেল (৩৪)। আব্দুর রব গুলশান পোস্ট অফিসের পোস্টম্যান।
মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানায়। এতে বলা হয়, শুক্রবার রাতে ঢাকা, চট্রগ্রাম ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হেমটেক্স নামের একটি কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুইডিশ নাগরিক ব্র“নহিল্ড ডেসক্যাম্পসের করা অভিযোগের তদন্ত- করতে গিয়ে পুলিশ এই চার জনের সন্ধান পায়।
অভিযোগে বলা হয়, সুইডেন থেকে একটি ইউরো ক্রেডিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশে তার কাছে পাঠানো হলেও তিনি তা পাননি। পরে তিনি সুইডেনে যোগাযোগ করে জানতে পারেন কার্ডটি বাংলাদেশে গত ২৬ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ব্যবহার করা হয়েছে।
পরে তার নামে আরো দুই বার ইউরো কার্ড পাঠানো হলেও তা তিনি পাননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের পর দাদা ভাই নামে পরিচিত কামাল স্বীকার করেছেন ডাক বিভাগের কর্মচারী আব্দুর রবের মাধ্যমে তিনি ক্রেডিট কার্ড পেয়ে থাকেন। এ পর্যন্ত তিনি প্রায় দেড় হাজার ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়েছেন।
আব্দুর রবের বক্তব্যের বরাত দিয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলির জন্য তার কাছে চিঠি, পার্সেল, ডকুমেন্ট এলেতিনি আঙুলে চাপ বা সুঁচ দিয়ে দেখেন সেটি ক্রেডিট কার্ড কি না। নিশ্চিত হওয়ার পর সেটা আর বিলি না করে প্রতারক চক্রের কাছে পাঁচ বা দশ হাজার টাকায় বিক্রি করে দেন।
হাতিয়ে নেওয়া ক্রেডিট কার্ড প্রতারক চক্র দেশের বাইরেও ব্যবহার করে থাকে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৭৪৫ ঘ.
bdnews24