নীলফামারী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে।
নিহত সামসুদ্দীন আহমেদ নুরী (৪৫) নীলফামারীর কিশোরগঞ্জ কৃষি কলেজের অধ্যক্ষ। তার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার দোলাপাড়ায়।
এক বছরেরও বেশি সময় ধরে তিনি জেলা কারাগারে আটক ছিলেন বলে জানান পুলিশ সুপার (এসপি) গোলাম রব্বানী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামসুদ্দীন গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত একটি পরীক্ষার খাতা স্থানীয় ডাকঘরে জমা দিয়ে পোস্ট মাস্টারের সঙ্গে যোগসাজসে তা গোপনে অবার তুলে নেন। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি জেলা কারাগারে আটক ছিলেন।
এসপি জানান, সামসুদ্দীনের আগে থেকেই হৃদরোগ ছিল। গত ৮ ডিসেম্বর তার শরীর খারাপ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24