২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসর ঘরের বদলে হাজতে

ভুয়া পরিচয় দিয়ে নওগাঁয় এক তরুণীকে বিয়ে করতে এসে ফেঁসে গেছেন এক ব্যক্তি। বাসর ঘরের বদলে মতিউর রহমান নামে ওই ব্যক্তির স্থান হয়েছে থানা হাজতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

নওগাঁ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া পরিচয় দিয়ে নওগাঁয় এক তরুণীকে বিয়ে করতে এসে ফেঁসে গেছেন এক ব্যক্তি। বাসর ঘরের বদলে মতিউর রহমান নামে ওই ব্যক্তির স্থান হয়েছে থানা হাজতে। মতিউরের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার দুসতি গ্রামে। ওই গ্রামের আফসার আলীর ছেলে আনিসুর রহমান পরিচয় দিয়ে শুক্রবার নিয়ামতপুর উপজেলার সুলতানপুর গ্রামে বিয়ে করতে এসে ধরা পড়েন তিনি। পুলিশ জানায়, মতিউর ও তার ছয় সহযোগীকে গ্রামবাসী পুলিশে তুলে দিয়েছে। নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক হামিদ জানান, মতিউর নিজেকে রসায়ন শাস্ত্রে মাস্টার্স ডিগ্রিধারী জানিয়ে সুলতানপুর গ্রামের এক ব্যক্তির মেয়ের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি করেন। “শুক্রবার বিয়ে করতে এসে তারা মেয়ের বাবার কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে। তখন কনে পক্ষের সন্দেহ হলে খোঁজ-খবর নিলে বিয়ের ঠিক আগ মুহূর্তে মতিউরের আসল পরিচয় জানতে পারেন,” বলেন হামিদ। এর পর কনের পরিবার বরসহ সাত জনকে আটক করে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে জানায়। এরপর তাদের উপস্থিতিতে পুলিশ গিয়ে মতিউরসহ সাত জনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার অন্যরা হলেন- মান্দা উপজেলার ভোলম গ্রামের মোজাম্মেল (৩৫), বাসেদ (৪০), ভ্ট্টুু (৪২), আলাউদ্দীন (৪৫), বিয়ের ঘটক নিয়ামতপুর উপজেলার বিজলী গ্রামের মফিজ (৫০) এবং হুমায়ন কবির (৩১)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার পরিদর্শক মোস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২৪২ ঘ.