ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোভাযাত্রা, মানববন্ধন ও কার্টুন প্রদর্শনীর মাধ্যমে শুক্রবার আন্তর্জাতিব দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সকাল ১০টায় একটি শোভযাত্রা বের করে।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এতে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী ব্যানার, ফেস্টুন ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বলেন, “দেশ থেকে দারিদ্র্য দূর করে অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। দেশ থেকে দুর্নীতি চিরতরে দূর করতে প্রয়োজন মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগানো।”
“মানুষের মধ্যে যতদিন দ্রুত গাড়ি-বাড়ির মালিক হওয়ার লোভ-লালসা থাকবে, ততদিন দুর্নীতি থাকবে,” যোগ করেন তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত জরিপে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে ত্রয়োদশ হওয়ার বিষয়টি তুলে ধরে গোলাম রহমান বলেন, “এটি সন্তোষজনক না হলেও একটা ইউ-টার্ন নিয়েছে।”
গত বছর এ তালিকায় দ্বাদশ অবস্থানে ছিলো বাংলাদেশ। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পাঁচ বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিিহ্নত হয় বাংলাদেশ।
ঢাবিতে দুর্নীতিবিরোধী কার্টুন
তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী চলবে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ প্রদর্শনীর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য যেসব শিক্ষার্থী নিজেদের যোগ্য করে গড়ে তুলছে তাদের সচেতন করতে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। কারণ সত্যিকারের শিক্ষা আর দুর্নীতি পরস্পরবিরোধী।”
এ সময় টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। তার আগে চারুকলার সামনে একটি দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়।
২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। তখন থেকে প্রতিবছর দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন করতে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়।
ঢাকার পাশাপাশি অনান্য জেলাগুলোতেও মিছিল-সভা-মানববন্ধনেরমধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/এমআই/২১১৩ ঘ.
bdnews24