২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়লো শহীদ চিত্তরঞ্জনের বাড়ির মালামাল

বাগেরহাটে শহীদ চিত্তরঞ্জন মজুমদারের বাড়িতে অগ্নিকাণ্ডে বিভিন্ন মালামাল ও আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে শহীদ চিত্তরঞ্জন মজুমদারের বাড়িতে অগ্নিকাণ্ডে বিভিন্ন মালামাল ও আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহর সংলগ্ন কাঁঠাল গ্রামের ওই বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। বাড়িটিতে শহীদ চিত্তরঞ্জন মজুমদারের বিধবা বোন প্রমীলা রাণী বালা (৫৯) বসবাস করছেন। প্রমীলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে তিনি প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় আকস্মিকভাবে তার ঘরে আগুন লাগে। এলাকাবাসীর সহায়তায় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। প্রমীলার অভিযোগ, কেউ শত্র“তা করে আগুন লাগিয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর বাগেরহাট স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস জানান, আগুনে ওই বাড়ির দুটি ঘরে থাকা আসবাব ও মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানাতে পারেননি তিনি। বাংলাদেশ সরকার ২০০৩ সালের ৩০ জানুয়ারি শহীদ জননী চারুবালা মজুমদারকে বসবাসের জন্য কাঁঠাল গ্রামে ১০ শতক জমি এবং জমিতে আধাপাকা একটি ঘর করে দেয়। ২০০৪ সালে চারুবালা মারা যাওয়ার পর থেকে প্রমীলা থাকছেন ওই বাড়িতে। ১৯৭১ সালের ২৩ মার্চ স্কুলছাত্র চিত্তরঞ্জন মজুমদার (১৫) বাগেরহাট মহকুমা আদালতের ছাদ থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে প্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন এবং পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেন। এপ্রিল মাসে দখলদার পাকিস্তানি বাহিনী বাগেরহাট শহরে ঢোকার পর চিত্তরঞ্জনকে গুলি চালিয়ে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৯০৫ ঘ.