চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক আইন না মানার প্রবণতা এবং চালকদের ব্যক্তিগত চারিত্রিক স্খলনের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মিরসরাই মামলার রায়ের পাশাপাশি পর্যবেক্ষণে বলেছে আদালত।
গত ১১ জুলাই মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৩ ছাত্রসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেয় চট্টগ্রামের হাকিম আদালত।
রায়ে বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াছমিন চালক মফিজ উদ্দিনকে সাজা দেওয়ার পাশাপাশি কিছু পর্যবেক্ষণও দেয়।
পর্যবেক্ষণে বলা হয়, “সচেতন ব্যক্তি মাত্রই জানেন, সা¤প্রতিককালে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ট্রাফিক আইন না মানার প্রবণতা এবং চালকদের ব্যক্তিগত চারিত্রিক স্খলনের কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।”
রায়ে চট্টগ্রামের হাকিম ফরিদা ইয়াছমিন ট্রাকচালক মফিজকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে বলেন, “এই ঘটনায় আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলে আদালত মনে করে।”
সেদিন আবু তোরাব এলাকার তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় সারাদেশে শোক পালন করা হয়।
এ মামলার যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছিলেন, “ফুলগুলো ঝরে গেছে, তারা আর কখনো সৌরভ ছড়াবে না।”
আইনজীবীর এ মন্তব্যকে ‘যৌক্তিক’ অভিহিত করে বিচারক বলেন, “এ দুর্ঘটনায় শুধু ফুল নয়, অনেক না ফোটা কলিও অকালে ঝরে গেছে।”
“প্রত্যেক ভিকটিমের পরিবারে যেন এ দুর্ঘটনা সুনামি হয়ে আঘাত করেছে। সাক্ষীদের বক্তব্যে ঘটনার যে চিত্র উঠে এসেছে, তা হৃদয়বিদারক। মৃত্যু সবসময় কষ্টের, কান্নার। তবে মৃত্যুর এত অসুন্দর রূপ সহজে দেখা যায় না।”
মামলার রায়ে বিচারক আসামিকে দুই ধারায় ২০ হাজার টাকা জরিমানা করলেও তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়া হবে না বলে উল্লেখ করেন।
এক্ষেত্রে বিচারক রায় ঘোষণার সময় বলেন, “আদালতের এখতিয়ারের মধ্যে ক্ষতিপূরণের যে পরিমাণ বিধিবদ্ধ আছে তা অত্যন্ত অপ্রতুল। এ মামলার প্রেক্ষাপটে সে পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা হাস্যকর পরিগণিত হতে পারে।”
ওই দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে প্রধানমন্ত্রী ১ লাখ টাকা করে দিয়েছেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেন ২৫ হাজার টাকা করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩৪ ঘ.
bdnews24