২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ: সিলেটে জমিয়তের রোড মার্চ

ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে রোড-মার্চ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সিলেট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে রোড-মার্চ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ুন রশিদ স্কয়ার থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে দলটির নেতাকর্মীরা জকিগঞ্জের অমলসিদ অভিমুখে যাত্রা করেন। দুপুরে সেখানে সমাবেশ করার পর বিকেলে আবার সিলেটে ফিরে আসেন তারা। বরাক নদী ভারত থেকে এসে এই অমলসিদেই সুরমা ও কুশিয়ারা নামে দুটি নদীতে বিভক্ত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, বরাকের উজানে বাঁধ দিলে বাংলাদেশ, বিশেষ করে সিলেট এলাকায় সরাসরি এর বিরূপ প্রভাব পড়বে। রোড মার্চ শুরুর আগে হুমায়ুন রশিদ স্কয়ারে এক সভায় জমিয়ত নেতারা বলেন, বাংলাদেশ সরকার টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে অবস্থান না নিলে সিলেটের কোটি জনতাকে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে এ আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এ আন্দোলন এ দেশের মানুষের বাঁচা-মরার লড়াই। সভার প্রধান বক্তা জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, “ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে উজানে বাঁধ দিচ্ছে। সিলেট ময়মনসিংহসহ এ অঞ্চলের চার কোটি মানুষকে মরুকরণের দিকে ঠেলে দিতে ভারত চক্রান্ত শুরু করেছে।” তিনি সিলেটের ১৯ সংসদ সদস্যকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনে সরকার পতনের অন্দোলন শুরু হবে।” রোডমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্ল¬ামা আব্দুল মুমিন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বক্তব্য দেন। বরাক নদীর টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর গণমাধ্যমে আসে। এরপর তা নিয়ে বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানতে চেয়ে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এ প্রকল্প বাস্তবায়নে বরাক নদীর পানি প্রত্যাহার করতে হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। এই বাঁধ নির্মাণের প্রতিবাদে গত ২৩ নভেম্বর রোডমার্চসহ ১৫ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৯০৮ ঘ.