ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঞ্চে আসন নেওয়া নিয়ে রাজধানীর জুরাইনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সভায় দুই পক্ষে মারামারি হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শ্যামপুর নতুন রাস্তায় সমাবেশে মারামারির এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
তবে স্থানীয় সংসদ সদস্য সানজিদা খানম বলেছেন, মারামারি নয় মঞ্চে ‘একটু’ হট্টগোল হয়েছে।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্তের পক্ষে শ্যামপুর থানা আওয়ামী লীগ এ সমাবেশ ডাকে। বিকাল ৪টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই লাগে হট্টগোল, এরপর বাঁধে মারামারি।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমানকে মঞ্চে থেকে সংসদ সদস্য সানজিদা খানমের লোকজন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
“এ সময় তার (সংসদ সদস্যের) লোকজন শ্যামপুর ও কদমতলীর কর্মীদের মারধর শুরু করে। এতে ১০ জনের মতো আহত হয়,” বলেন তিনি।
এ বিষয়ে সংসদ সদস্য সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চে ঠাসাঠাসি করে বসতে গিয়ে নিজের মধ্যে একটু হট্টগোল হয়েছে। কাউকে হেয় করতে কিছু করা হয়নি।”
তবে এ পরিস্থিতির জন্য তোফাজ্জলকে দায়ী করে সানজিদা বলেন, “তাদের বাড়াবাড়ির কারণে এ ঘটনা ঘটেছে।”
সভায় পুলিশ মোতায়েন ছিলো। তবে পুলিশ তৎপর হওয়ার আগেই নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের উপ-কমিশানার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে, এর বেশি কিছু না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24