মাদারীপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দবির বেপারী সোনালী ব্যাংকের শিবচর শাখার সহকারী অফিসার (গ্রেড-টু) ছিলেন। বুধবার রাত ৩টার দিকে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দুর্বৃত্তরা রাতে ডিসি রোডে দবির বেপারীর বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে রেখে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, “এই মুহূর্তে আর কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। এর সঙ্গে কারা জড়িত আমরা তদন্ত করে দেখছি।”
অবশ্য পরিবারের সদস্যরা বলছেন, জমি নিয়ে চাচাতো ভাই ও ভাইয়ের ছেলেদের সঙ্গে দবির ব্যাপারীর বিরোধ চলছিল। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৫০ ঘ.
bdnews24