২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই ট্র্যাজেডি: ট্রাক চালকের ৫ বছর কারাদণ্ড

মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুল ছাত্রসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় চালক মো. মফিজুর রহমান ওরফে মফিজ উদ্দিনকে দুটি ধারায় মোট ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুল ছাত্রসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় চালক মো. মফিজুর রহমান ওরফে মফিজ উদ্দিনকে দুটি ধারায় মোট ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছাম্মৎ ফরিদা ইয়াছমিন বৃহস্পতিবার সকালে এ রায় দেন। ট্রাকচালক মফিজ এ সময় আদালতে হাজির ছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ এর ৩০৪ খ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রী জখম করায় ৩৩৮ ক ধারায় আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। দুই ধারার সাজা পর্যায়ক্রমে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। এছাড়া সংশ্লিষ্ট ট্রাকটি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলেছেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্কুল শিক্ষার্থীরাও ছিলেন সাক্ষীদের মধ্যে। গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী এলাকায় স্কুল ছাত্রদের বহনকারী একটি ট্রাক উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে ৩৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছয় জন। আবু তোরাব এলাকার তিনটি স্কুলের এইসব শিক্ষার্থী মিরসরাই স্টেডিয়ামে খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিলো। দুর্ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মফিজ আসলে ট্রাকের চালক নয়, সহকারী। দুর্ঘটনার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এই ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদী হয়ে ট্রাক চালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন। পুলিশ গত ২১ জুলাই বরিশাল থেকে মফিজকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) অং শা থোয়াই গত ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ৩০ অক্টোবর অভিযোগ গঠনের পর মফিজের বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্ট এই রায়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম সাংবাদিকদের বলেন, খুব দ্রুততার সঙ্গে আলোচিত এ মামলার রায় হয়েছে। “মফিজ অবৈধভাবে ট্রাক চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ সর্বাত্মক চেষ্টা করেছে বলেই দ্রুত রায় হয়েছে।” রায় মেনে নিয়েছেন মফিজ রায় মেনে নিয়ে আসামি মফিজ আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, “বিচারক রায় দিয়েছেন, আমি মাথা পেতে নিয়েছি।” তারপরও নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘ভাগ্য’ খারাপ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন কি না জানতে চাইলে মফিজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত। কিছুই বলতে পারছি না।” রায় ঘোষণার সময় মফিজের স্ত্রী রোকেয়া খাতুনও আদালতে উপস্থিত ছিলেন। আপিলের বিষয়ে তিনিও কিছু বলতে পারেননি। মফিজের চাচাতো ভাই মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের কাগজপত্র পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আইনি সহায়তা পাননি আসামি মামলার বিচার চলাকালে মফিজের পক্ষে কোনো আইনজীবী লড়তে রাজি না হওয়ায় যুক্তিতর্কের শুনানির সময় নিজেই নিজের তুলে ধরেন এই ট্রাক চালক। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “সেদিন (১১ জুলাই) ট্রাকটি চালাতে চাইনি। ম্যানেজারের কথায় রাজি হই। মিরসরাই স্টেডিয়াম থেকে সৈদালী এলাকায় আসার পর দেখি গাড়ির ব্রেক হচ্ছে না। সামনে একটা ছোট পিকআপ থেমে থাকায় উল্টো দিক থেকে আসা একটা গাড়িকে সাইড দিতে ট্রাক বামে চাপনোর চেষ্টা করি। কিন্তু তখনই ডোবায় পড়ে যাই।” দ্রুত বা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়টিও আদালতে অস্বীকার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২০৯ ঘ.