ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড পুনর্বিন্যাস করে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সচিবের কাছে পৌঁছায়।
কর্মকর্তারা জানান, এর আগে ১ ডিসেম্বর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১-২৩, ৩৭-৪৭, ৫৪-৫৫ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তরে এবং ২৪-৩৬, ৪৮-৫৩, ৫৬-৯২ নম্বর ওয়ার্ডকে ঢাকা দক্ষিণের অন্তর্ভুক্ত করা হয়।
ওয়ার্ডের ক্রমিক নম্বর আগের মতোই রাখার বিষয়টি নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের নজরে আনলে ৫ ডিসেম্বর সীমানা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার তা পাঠানো হয় নির্বাচন কমিশনে।
এতে আগের ওয়ার্ডগুলোর ক্রমিক পরিবর্তন করে উত্তরে ১-৩৬ এবং দক্ষিণে ১-৫৬ নম্বর পর্যন্ত ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে দক্ষিণে ৫৬টি ওয়ার্ডের জন্য ১৯টি সংরক্ষিত ওয়ার্ড এবং উত্তরে ৩৬টি ওয়ার্ডের জন্য ১২টি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপির প্রবল বিরোধিতার মধ্যেই সরকার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন করে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করে। ইতোমধ্যে দুই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনকে ভোটের আয়োজন করতে বলেছে সরকার।
সংশোধিত আইন অনুযায়ী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে; তবে মেয়াদের শেষ পর্যায়ে এ নির্বাচন না করার পক্ষেই মত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনাররা।
উত্তরের ওয়ার্ড বিন্যাস
পুরনো ডিসিসির ১ থেকে ২৩ নম্বর ওয়ার্ডের নম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একই রকম থাকছে। আগের ৩৭ থেকে ৪৭ নম্বর ওয়ার্ডের নতুন নম্বর হচ্ছে ২৪ থেকে ৩৪। আর ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড হয়েছে ঢাকা উত্তরের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড।
দক্ষিণের ওয়ার্ড বিন্যাস
আগের ২৪ থেকে ৩৬ নম্বর ওয়ার্ডকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ থেকে ১৩ নম্বর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রজ্ঞাপনে। ৪৮ থেকে ৫৩ নম্বর ওয়ার্ডের নতুন নম্বর হয়েছে দক্ষিণের ১৪ থেকে ১৯। এছাড়া ৫৬ থেকে ৯২ নম্বর ওয়ার্ডের নম্বর বদলে গিয়ে হয়েছে ২০ থেকে ৫৬।
প্রত্যেক সিটি কর্পোরেশনের তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে একটি সংরক্ষিত ওয়ার্ড। তবে ঢাকা দক্ষিণে হিসাব না মেলায় ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড নিয়েই একটি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24