২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম দেখতে ইসিতে আমন্ত্রণ বিএনপিকে

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে আসা বিএনপির ‘পরীক্ষা করে দেখার জন্য’ ইভিএম চেয়ে দেওয়া চিঠির জবাবে এ আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সরবরাহ না করে তা ‘পরীক্ষা করে দেখার জন্য’ কারিগরি বিশেষজ্ঞ দল নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একটি ইভিএম সরবরাহের অনুরোধ জানিয়ে প্রধান বিরোধী দলের পাঠানো চিঠির জবাবে বুধবার ইসি সচিবালয় থেকে বিএনপিকে তা পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন। ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বিএনপিকে একাধিকবার নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারও ইভিএম পরীক্ষা করার জন্য দলটি আলোচনা করতে পারে। এই বিষয়ে আগ্রহী হলে ইভিএম অবলোকন ও যাচাই বাছাইয়ের তারিখ ও সময় ইসিকে অবহিত করতে পারে।” ইভিএম না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও আইন সংস্কারসহ সার্বিক কার্যক্রম নিয়ে ইসির সঙ্গে আলোচনার আহ্বান জানানা হয়েছে চিঠিতে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী এই চিঠি বিশেষ পত্রবাহকের মাধ্যমে বিএনপি কার্যালয়ে যুগ্ম মহাসচিব রিজভীর কাছে পাঠানো হয় বলে জানান ফরহাদ হোসেন। গত ১ ডিসেম্বর বিএনপির কার্যালয়ে একটি ইভিএম দিতে ইসিকে অনুরোধ জানান দলের যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। ওইদিনই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বিএনপির দপ্তরে এ যন্ত্র দেওয়া যাবে না, বরং তারা ইসিতে এসে দেখে যেতে পারে। নির্বাচন কমিশনের সংলাপে ইসি বিএনপিকে আমন্ত্রণ জানালেও তাতে সাড়া দেয়নি দলটি। বরাবরই তারা ইভিএমের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএমআর/আরএ/১৭৩৭ ঘ.