২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের দপ্তরে ওবায়দুল কাদের

মন্ত্রী হিসেবে যোগযোগ মন্ত্রণালয়ে কাজ শুরুর পর ‘আরামদায়ক চেয়ার’ সরিয়ে নিতে বলেছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৮ দিনের মাথায় যোগযোগ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে কাজ শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তিনি দপ্তরে গেলে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রীকে বরণ করে নেন। ওবায়দুল কাদের এরপর নিজের কক্ষে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। কর্মকর্তারা জানান, কার্যালয়ে ঢুকে নিজের চেয়ারে বসে মন্ত্রী কাদের বলেন যে তিনি এ অফিসকে দলীয় কার্যালয় বানাতে চান না। কাজেই দলীয় বিষয়ে কারো কোনো কথা থাকলে তা যেন তার বাড়িতেই বলা হয়। এরপর সচিবকে উদ্দেশ্য করে ‘বেশি আরামদায়ক’ চেয়ার সরিয়ে নিতে বলেন তিনি। সৈয়দ আবুল হোসেনের উত্তরসূরি কাদের বলেন, “আমি সোজা হয়ে বসতে চাই।” শেখ হাসিনার সরকারের মন্ত্রী হিসেবে গত ২৮ নভেম্বর শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের। এর ছয় দিন পর তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা, বেহাল মহাসড়ক এবং দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আলোচিত-সমালোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে। দপ্তর পাওয়ার পর গত সোমবার ওবায়দুল কাদের তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ঝুলে যাওয়া পদ্মা সেতুর কাজ শুরুর ওপরই সবচেয়ে বেশি জোর দেবেন তিনি। “পদ্মা সেতুর বাস্তবায়ন অনেক দূরের স্বপ্ন। কাজ শুরু কিংবা শেষ করা- কোনো ব্যাপারে আমি দিনক্ষণ দেবো না। টার্গেট হচ্ছে শুরু করা। কাজেই প্রমাণ করবো।” দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর মূল অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো দুর্নীতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১১২৫ ঘ.