কামাল তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসান সাঈদকে তার স্ত্রী রুমানা মঞ্জুর ও তার পরিবার কৌশলে ‘হত্যা’ করেছে দাবি করে সাঈদের খালু বলেছেন, তারা মামলা করবেন।
নিহতের খালু রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, “আমরা মনে করছি এটি হত্যাকাণ্ড। রুমানা ও তার পরিবার কৌশলে সাইদকে হত্যা করেছে।”
“দুই একদিনের মধ্যে আমরা মামলা করবো,” যোগ করেন তিনি।
বোন সাবিরা হক আমেরিকা ও মামা কামরুল হাসান কানাডা থেকে আসার পর বুধবার হাসান সাইদকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার খালু রফিকুল।
এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, “গত ২৫ মে রুমানা কানাডা থেকে আসার পর সাইদকে ১১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলো। কিন্তু এ কথাটি মিডিয়ায় ঠিকমতো আসেনি। তাই মিডিয়ার উপর আমাদের একটু অভিমান [রয়েছে]।”
গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের কাছে সাঈদও দাবি করেছিলেন, রুমানা তাকে ১১০টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যার চেষ্টা করেন।
ঘুমের ওষুধ প্রসঙ্গে জানতে চাইলে রুমানার এক আত্মীয় নামপ্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন সাঈদ তার নিজের পরীবাগের বাসায় এবং রুমানা ধানমন্ডির বাসায় ছিলেন। দীর্ঘ সময় সাঈদের কোনো ফোন না পেয়ে রুমানা ও তার বাবা ওই বাসায় যান।”
সেখানে গিয়ে তারা প্রায় ৮০টি ঘুমের ওষুধ ঘরে ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান জানিয়ে ওই আত্মীয় বলেন, “তখন তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তার পাকস্থলী পরিষ্কার করতে হয়নি।”
রুমানার বাবা মেজর মঞ্জুর বর্তমানে কানাডায় রয়েছে বলে জানান তিনি।
স্ত্রী রুমানা মঞ্জুরকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সাঈদ কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোমবার। তার লাশ বঙ্গবন্ধু মেডিক্যালের হিমাগারে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানার ওপর নির্যাতন চালিয়ে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে তার বাবার করা মামলায় গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করা হয়। মামলাটির একমাত্র আসামি ছিলেন সাঈদ। ওই মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি যেহেতু মারা গেছেন এখন আমার চূড়ান্ত প্রতিবেদন দেব। ডেথ সার্টিফিকেট চেয়ে ইতিমধ্যে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।”
গত ২৩ নভেম্বর থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা সাঈদের মৃত্যু ‘কার্ডিয়াক ফেইলিয়রে’ হয় বলে জানান চিকিৎসক।
তার লাশের সুরতহাল প্রতিবেদনে দুই হাতের কব্জির ওপরের অংশে দড়ি দিয়ে বাঁধার মতো চিহ্ন এবং ঘাড়ের দুইদিকে লালচে দাগ থাকার কথা উল্লেখ করা হয়।
সাঈদ-রুমানা দম্পতির একটি মেয়ে রয়েছে। আহত রুমানা ঘটনার পর কানাডায় চিকিৎসা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২২৩৩ ঘ.
bdnews24