ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের ব্যবসায়ীদের পারষ্পরিক লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সোমবার রাতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ইউনিয়ন অব মিয়ানমার চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দেওয়া এক নৈশভোজে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ইউনা মাউং এলউইনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার সম্ভাব্য উপায়গুলোও তাদের আলোচনায় উঠে আসে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের পরপর সেখানে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা সোমবার মিয়ানমার যান। গত আট বছরে এটিই সরকারের সর্বোচ্চ পর্যায়ের মিয়ানমার সফর।
প্রধানমন্ত্রী বুধবার মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন গণতন্ত্র বিষয়ে এক সম্মেলনে যোগ দিতে। সম্মেলন শেষে দেশে ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৬১২ ঘ.
bdnews24