ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সালাম ছাড়া মুক্তিযোদ্ধা হতদরিদ্র দুলাল মিয়ার লাশ দাফনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর পৌর কবরস্থানে সোমবার দুপুরে দুলালের (৬০) দাফন সম্পন্ন হয়। সকালে তিনি মারা যান।
দাফনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিনে দেশের পতাকা দিলেও পুলিশ না আসায় সশস্ত্র সালাম ছাড়াই মুক্তিযোদ্ধা দুলালের দাফন হয়। এ বিষয়ে খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কেন এমন হলো- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
“মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই। এখানে ধনী-গরিবের ব্যাপার নেই, বৈষম্য নেই। সবাই সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে,” বলেন তিনি।
দুলাল মিয়া বাংলাদেশের স্বাধীনতার আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নং সেক্টরে যুদ্ধ করেন তিনি।
এদিকে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর রশীদ হাযারি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলাল মিয়ার বিষয়টি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
“মুক্তিযোদ্ধাকে সালাম জানানোর বিষয়টি নিশ্চত করার দায়িত্ব থানার ওসি’র। কিন্তু কেন সেটা করা হলো না তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন এসপি।
নিয়ম অনুযায়ী, মুক্তিযোদ্ধার দাফনের সময় রাষ্ট্রের পক্ষে একজন নির্বাহী কর্মকর্তা কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সম্মান জানাবেন। সে সময় তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সশস্ত্র সালাম জানাতে হবে আইনে বলা আছে।
দুলাল মিয়ার মৃত্যুর পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন বিষয়টি সুধারাম থানা পুলিশকে জানিয়েছিলেন। দাফনের সময়ে ইউএনও দুলালের বাড়িতে উপস্থিত হলে পুলিশ না যাওয়ায় সালাম ছাড়াই তার লাশ দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/আরএ/১৬১৫ ঘ.
bdnews24