২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশকে গণপিটুনি, মামলার আসামি অর্ধশত

ডাকাত সন্দেহে সাভার মডেল থানার চার পুলিশকে গণপিটুনি দেওয়ার ঘটনায় প্রায় অর্ধশত গ্রামবাসীর নামে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে এক জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সাভার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে সাভার মডেল থানার চার পুলিশকে গণপিটুনি দেওয়ার ঘটনায় প্রায় অর্ধশত গ্রামবাসীর নামে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে এক জনকে। সোমবার মধ্যরাতে গণপিটুনির শিকার উপ-পরিদর্শক (এসআই) রিপন বালা এ মামলা করেন বলে জানান থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে। ওসি জানান, সোমবার রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে কাশেম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে তদন্তের ‘স্বার্থে’ আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। সোমবার প্রথম প্রহরে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামে আসামি ধরতে গেলে ডাকাত সন্দেহে চার পুলিশকে পিটুনি দেয় এলাকাবাসী। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে প্রায় অর্ধশত গ্রামবাসীর নামে মামলা হওয়ায় গ্রেপ্তারের ভয়ে জিনজিরা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩৩ ঘ.