বরিশাল, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি ইটভাটায় আটকে রাখা আট শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। তাদের জোর করে কাজ করানোর অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে কলসকাঠি ইউনিয়নের উত্তর নারায়ণগোল গ্রামের একটি ইটভাটা থেকে তাদের উদ্ধার করা হয়ে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
আট শ্রমিকের সবাই খুলনার রূপসা এলাকার বাসিন্দা। তারা হলেন- শাজাহান শিকদার (৪০), রায়হাদ হাওলাদার (৩৫), শফি মোড়ল (৩৯), কামাল হাওলাদার (২৫), শহিদুল ইসলাম (৩০), খলিল ফরাজি (২৪), নুরুল ইসলাম গাজী (৩৫) ও বাবুল শেখ (৩২)।
গ্রেপ্তার মো. হাবিব হাওলাদার ইটভাটার তত্ত্বাবধায়ক।
ইটভাটার মালিকদের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ এনে শ্রমিক বাবুল শেখ একটি মামলা করেছেন।
হাবিব ছাড়াও রাকিব এন্টারপ্রাইজ নামে ওই ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম, তার শ্যালক সৈয়দ হাওলাদার এবং ইটভাটার ব্যবস্থাপককে এতে আসামি করা হয়েছে।
র্যাব-৮ এর কর্মকর্তা এএসপি এমএন মোর্শেদ বলেন, আট শ্রমিককে আটকে রাখার খবর পেয়ে র্যাবের একটি দল ওই ইটভাটায় যায়। একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় ওই শ্রমিকদের পাওয়া যায়।
শ্রমিকরা র্যাবকে জানিয়েছে, গত ১৪ দিন ধরে তারা ‘বন্দি’ ছিলেন। প্রতিদিন সকালে তাদের বের করে দিনভর জোর করে কাজ করানো হতো এবং সন্ধ্যায় পুনরায় আটকে রাখা হতো।
র্যাব কর্মকর্তা মোর্শেদ বলেন, ওই ঘরের মধ্যেই আট শ্রমিককে খেতে, ঘুমাতে ও প্রস্রাব-পায়খানা করতে হতো। তাদের খাবারও দেওয়া হতো সীমিত পরিমাণে।
ইটভাটার মালিক রফিক পলাতক রয়েছে বলে জানায় র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৬ ঘ.
bdnews24