সুনামগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আকমল হোসেন।
সোমবার একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের ফলাফল আসার পর রিটার্নিং কর্মকতা আকমলকে বিজয়ী ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণে আকমল কম ভোট পেলেও সব কেন্দ্রের ভোট মিলিয়ে তিনি ৭৭ ভোটে বিজয়ী হয়েছেন।
শাহারপাড়া বিদ্যালয় কেন্দ্রে সোমবার ভোটগ্রহণের পর ফলাফলে দেখা যায়, মাছ প্রতীকে আতাউর রহমান পেয়েছেন ১ হাজার ৯৫ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে আকমল পেয়েছেন ৭৬৪ ভোট।
এ নিয়ে মোট ৮১টি কেন্দ্রে আকমল ১৯ হাজার ৬৫২ ভোট পেয়েছেন, আতাউর পেয়েছেন ১৯ হাজার ৫৭৫ ভোট।
২০০৯ সালের ২২ জানুয়ারি জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিলে দুজনই আইনি লড়াইয়ে নামেন।
উচ্চ আদালত উপজেলার শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আদেশ দেয়, যার পরিপ্রেক্ষিতে সোমবার ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৫ ঘ.
bdnews24