২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরো দুইটি গুলি করলে তিনি লুটিয়ে পড়েন’

“বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে প্রথম গুলি করার পরও তিনি দাঁড়িয়ে ছিলেন। পরে আরো দুইটি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:45 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে প্রথম গুলি করার পরও তিনি দাঁড়িয়ে ছিলেন। পরে আরো দুইটি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।” বিদ্রোহের প্রথম দিন বেলা ১১টা ২৫ মিনিটে মহাপরিচালককে হত্যার পর একজন সৈনিক মোবাইল ফোনে অন্য কাউকে এভাবে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন বলে সোমবার সাক্ষ্য দিতে গিয়ে বলেন তৎকালীন মেজর জাহিদ হাসান। তিনি বলেন, সেসময় তিনি পাঁচ নম্বর ফটকের গার্ডরুমের বাথরুমে বন্দি ছিলেন। হত্যার বর্ণনা যে দিচ্ছিলো সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলো বলে উল্লেখ করেন জাহিদ। সোমবার মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী বিশেষ এজলাসে সাক্ষ্য দেওয়া জাহিদ তখন মেজর হিসেবে সিলেট সেক্টর সদর দফতরে কর্মরত ছিলেন। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন তিনি। বর্তমানে তিনি ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে টেকনাফে কর্মরত। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পিলখানা সদরদপ্তরে জওয়ানদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হয়। বিদ্রোহের পর বাহিনীর নাম পাল্টে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। পাল্টানো হয় বাহিনীটির পোশাকও। সোমবার সকাল ১০টায় আদালত শুরু হয়ে দুই দফা বিরতি দিয়ে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। পরে বিচারক জহুরুল হক বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করেন। আদালত শুরুর পর মেজর তারেক মোহাম্মদ ভাওয়ালীর বাকি জেরা শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, মোহাম্মদ রমজান খান, শামীম শিকদার, ফারুক আহমেদ ও সফিকুল ইসলাম তাকে জেরা করেন। আসামি ডিএডি মির্জা হাবিবুর রহমান নিজেই মেজর ভাওয়ালীকে জেরা করেন। ভাওয়ালীকে জেরা শেষ হওয়ার পর জাহিদ হাসানের জবানবন্দি নেয় আদালত। জাহিদ হাসানের জবানবন্দির পর জেরার সময় আসামি পক্ষের এক আইনজীবী তাকে ‘টেরা’ বলে অভিহিত করলে সরকার পক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে আদালত আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদের কাছে কোন আইনে সাক্ষীকে ‘টেরা’ বলা হয়েছে তার ব্যাখ্যা চান। আগামী দিন এর ব্যাখ্যা দেবেন বলে আদালতকে জানান ফারুক। এ প্রেক্ষিতে আদালত বলে, এর আইনি ব্যাখ্যা দেওয়ার পর সাক্ষীকে বাকি জেরার কার্যক্রম শুরু করা হবে। ফারুক আহমেদ আসামি সেলিম রেজার আইনজীবী। সাক্ষ্য দিতে গিয়ে জাহিদ হাসান জবানবন্দিতে বলেন, বিদ্রোহের প্রথম দিন সকাল সাড়ে ৯টায় সিপাহী মঈনের অস্ত্র তাক করার ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দরবার হল লক্ষ্য করে বাইরে থেকে বিদ্রোহী বিডিআর সদস্যরা গুলিবর্ষণ শুরু করে। এ সময়ের মধ্যেই মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ প্রয়োজনীয় সাহায্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। এছাড়াও দরবার হলে রক্ষিত মাইকে মহাপরিচালক নিজে সব বিডিআর সদস্যদের অস্ত্র রেখে শান্ত হয়ে দরবার হলে ফিরে আসার অনুরোধ করেন এবং সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। সাক্ষী তার জবানবন্দিতে আরো বলেন, মহাপরিচালকের এই অনুরোধ এবং আশ্বাসের পরেও বিদ্রোহী বিডিআর সদস্যরা দরবার হলের বাইরে থেকে অবিরাম গুলিবর্ষণ করতে থাকে। এ অবস্থায় তাদের বেশিরভাগ কর্মকর্তা দরবার হলের মঞ্চের পিছনে পর্দার আড়ালে গিয়ে আশ্রয় নেন। বেলা সোয়া ১০টার দিকে সিপাহী সেলিম রেজাসহ চার-পাঁচজন সশস্ত্র বিদ্রোহী বিডিআর সদস্য দরবার হলে ঢুকে সবাইকে আÍসমর্পণ করতে বললে তারা পর্দার আড়াল থেকে বের হয়ে আসেন বলে জবানবন্দিতে জানান জাহিদ। ওই সময় সশস্ত্র বিদ্রোহী বিডিআর সদস্যদের এলোপাতাড়ি গুলিবর্ষণে তার সামনে গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন লেফটেন্যান্ট কর্নেল কায়সার, মেজর আজিজুল হাকিম ও মেজর রফিক। জাহিদ বলেন, গুলিবিদ্ধ লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বিদ্রোহীরা বাধা দেয়। এসময় তাকেও রাইফেলের বাট দিয়ে আঘাত করলে চোয়াল ভেঙে যায়। পরে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে বিদ্রোহীরা চলে যায়। কিছুক্ষণ পর একজন নিজের পরিচয় না দিয়ে ‘আপনাকে চিনি স্যার বলে’ পাঁচ নম্বর গেটের কাছে গার্ডরুমে নিয়ে রাখে। এখান থেকেই পরে মুক্তি পান তিনি। গত ২৪ অগাস্ট এ মামলার সাক্ষ্য ও জেরা গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খিসা। দ্বিতীয় সাক্ষ্য দেন নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন। তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিগন্যাল সেক্টরের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনিম। চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কর্নেল শামস। পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল মুকিম সরকার। ষষ্ঠ সাক্ষী ছিলেন মেজর আসাদ-উদ-দৌলা। সপ্তম সাক্ষী হিসেবে মেজর তারেক মোহাম্মদ ভাওয়ালীর জেরা শেষ হয় সোমবার। লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান অষ্টম সাক্ষী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১৪০ ঘ.