ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সকালে কেরানীগঞ্জের শুভাড্ডার প্রিয়া কেমিক্যাল নামের একটি চক কারখানায় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫। তার পরনে লুঙ্গি ও কালো গেঞ্জি ছিলো বলে পুলিশ জানায়।
প্রিয়া কেমিক্যাল কারখানার শিশু শ্রমিক সাগর সাংবাদিকদের জানায়, একজন লোক হঠাৎ দৌড়ে এসে কারখানায় ঢোকে। তার পিছু পিছু চারজন যুবক দৌড়ে কারখানায় ঢুকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়।
তখন কারখানায় সে ছাড়া আর কেউ ছিলো না বলে জানায় সাগর।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।
তিনি বলেন, “যুবকটি এ এলাকার নয়। এ এলাকার বালুর মাঠে এসে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হওয়ায় সে ওই কারখায় আশ্রয়ের জন্য যায়। কিন্তু সন্ত্রাসীরা ওই কারখানায় গিয়ে তাকে গুলি করে।”
ওসি জানান, নিহত যুবকের শরীরে আটটি গুলি লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/২১৫০ ঘ.
bdnews24