২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরাদ্দ ‘না পেয়ে’ হতাশ মেয়র মনজুর

চট্টগ্রাম নগরীর উন্নয়নে ‘পর্যাপ্ত বরাদ্দ’ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর উন্নয়নে ‘পর্যাপ্ত বরাদ্দ’ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম। সোমবার দুপুরে চট্টগ্রামে এক গোলটেবিলে তিনি বলেন, “আমি খুবই হতাশ। এ অর্থ বছরে (২০১১-১২) সরকারি থোক বরাদ্দ মাত্র ৮ কোটি টাকা। ৫০ লাখ মানুষের নগরীতে এ বরাদ্দ অত্যন্ত অপ্রতুল।” মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে সিসিসি’র উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় অর্থ সংকটের বিষয়ে মুখ খুললেন মনজুর আলম। একটি রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত থাকার কথা উল্লেখ করে মেয়র বলেন, “ওই দলের সমর্থন নিয়েই মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু গত দেড় বছরে কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি। কোনো রাজনৈতিক মঞ্চে যাই নি। এগুলো সবই চট্টগ্রামের উন্নয়নের জন্য।” বিএনপির সমর্থনে নির্বাচনে লড়ে গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র নির্বাচিত হন মনজুর আলম। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘চট্টগ্রামের আবাসন ও পরিকল্পিত উন্নয়ন’ শিরোনামের এ গোলটেবিলটি আয়োজন করে প্রকৌশল, স্থাপত্য ও আবাসন শিল্প বিষয়ক মাসিক পত্রিকা ‘মুক্ত আকাশ’। চলতি বছরের ২৭ জুন সিসিসি’র ২০১১-১২ অর্থবছরের ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র। বাজেট ঘোষণার দিন কর ও অনুদান নির্ভরতা বিষয়ে জানতে চাইলে মেয়র সাংবাদিকদের বলেছিলেন, “সিসিসি’র কয়েকটি প্রকল্প সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বরাদ্দও পাওয়া যাবে।” তবে সোমবারের বৈঠকে বকেয়া কর আদায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আচরণেও হাতাশা প্রকাশ করেন বিএনপি সমর্থিত মেয়র মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২১৪৪ ঘ.