২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে কমিটির বৈঠক

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে এ বিষয়ে গঠিত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে এ বিষয়ে গঠিত কমিটি। এ জন্য বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকে তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হবে। সোমবার কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কমিটির সদস্য এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, “আজ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এখানে সুনির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চিহ্নিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।” গত ২৩ নভেম্বর সরকারঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান। এ সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ২৭ নভেম্বর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। এই কমিটি সোমবার প্রথম বৈঠকে বসে। কমিটির আরেক সদস্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন এ ব্যাপারে বলেন, “যিনি মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন তিনিও ক্ষুদ্র বিনিয়োগকারী আর যিনি মার্জিন ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন তিনিও ক্ষুদ্র বিনিয়োগকারী। তাই সত্যিকারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংজ্ঞা নিরূপনে আমরা আলোচনা করেছি। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো থেকে এ সংক্রান্ত বিষয়ে ‘ফ্রেস ডাটা’ চাওয়া হবে। এগুলো বিশ্লেষণ করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” কমিটির পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি বলে তিনি জানান। কমিটিতে আরো রয়েছেন, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফএস/এসইউ/২০৫০ ঘ.