নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-শোভাযাত্রা করে টিপাইমুখ বাঁধ নির্মাণ ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বানে প্রচার চালিয়েছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক ও সোনারগাঁ নাগরিক কমিটি।
সোমবার সকাল ১০টায় শহরের বরফকল ঘাট থেকে শুরু হওয়া নৌ-শোভাযাত্রা সারাদিন শীতলক্ষ্যা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে যায়। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা গান বাজনার মাধ্যমে সবাইকে এ বাঁধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়। প্রচারপত্রও বিলি করে তারা।
নির্ভীক-এর প্রধান সমন্বয়কারী ও শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এ টি এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিপাইমুখ বাঁধ হলে সারাদেশের মতো নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও মেঘনা নদীর মারাত্মক ক্ষতি হবে।
ভারতের মনিপুর রাজ্যে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে। এর বিরূপ প্রভাব সিলেট অঞ্চলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০৭ ঘ.
bdnews24