২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতকে রেল, বাণিজ্যে নেই ফারুক

নতুন দুই মন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি অদল-বদল হয়েছে জি এম কাদের ও ফারুক খানের মন্ত্রণালয়। সৈয়দ আবুল হোসেন গেছেন তথ্য প্রযুক্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় নতুন দুই জনের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনোদের মধ্যে জি এম কাদের ও ফারুক খানের মন্ত্রণালয় অদল-বদল হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে সৈয়দ আবুল হোসেনকে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রী ওবায়দুল কাদের পেয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন মন্ত্রণালয় রেলপথের মন্ত্রী হয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। ইয়াফেস ওসমান থাকছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। রোববারই বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভার দপ্তর রদবদলের প্রজ্ঞাপন জারি করে। এখন থেকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগ নেতা ফারুক খান। গোপালগঞ্জের এই সংসদ সদস্য প্রায় তিন বছর ধরে বাণিজ্য মন্ত্রণালয় সামলে আসছিলেন। বাণিজ্যমন্ত্রী হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ‘কম খাওয়ার পরামর্শ’ দিয়ে সমালোচনার মুখে পড়েন ফারুক। রদবদলের বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আগের মন্ত্রণালয়ে ভালোভাবেই কাজ করেছিলাম, সবার সহযোগিতায় নতুন মন্ত্রণালয়েও সেভাবেই কাজ করবো।” তবে মন ভার দেখা গেছে সদাহাস্যময় সৈয়দ আবুল হোসেনকে। নতুন মন্ত্রণালয়ে কবে যোগ দিচ্ছেন- জানতে চাওয়া হলে তার নির্লিপ্ত উত্তর আসে, “দেখি, কবে দিই।” এ বছরের মাঝামাঝিতে কয়েকটি সড়ক দুর্ঘটনার পর বেহাল মহাসড়ক ব্যাপক সমালোচনা ওঠে আবুল হোসেনকে নিয়ে। সংসদে নিজ দলের সদস্যরাই তার বিরুদ্ধে মুখ খোলেন। এরপর দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করলে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দল অভিযোগ করে আসছে, পদ্মা সেতুতে দুর্নীতি করেছেন আবুল হোসেন। তবে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া জি এম কাদের মহাজোট শরিক জাতীয় পার্টির নেতা এবং দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাই। তার সঙ্গে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে মতদ্বন্দ্ব চলছিলো। স্বাধীনতার পর অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত এই প্রথম মন্ত্রী হলেন। শপথের ছয় দিন পর মন্ত্রণালয় পেলেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতের মন্ত্রণালয়টি নতুন। যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে রেলপথ নামে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয় রোববারই। গত ২৯ নভেম্বর মন্ত্রী হিসেবে সুরঞ্জিতের সঙ্গে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের আওয়ামী লীগের গত সরকারে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন। ওই বছর ৩১ জুলাই দ্বিতীয় দফা কলেবর বাড়ে মন্ত্রিসভার। সেদিন নতুন একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেন। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৫ জন, এদের ২৮ জন মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/এমআই/১৩৫৫ ঘ.