ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে দুই দিনের সফরে মিয়ানমার গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিয়ানমারের নতুন রাজধানী নে পেই তাও-এর উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান হাসিনা।
বিমানবন্দরে তাকে বিদায় জানান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিদায়ী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ প্রমুখ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার মহাপরিচালক গোলাম সারওয়ার বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি নিয়ে এ সফরে দুটি চুক্তি হতে পারে।”
তবে চুক্তি বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের পরপর সেখানে গেলেন প্রধানমন্ত্রী।
গত আট বছরে এটিই সরকারের সর্বোচ্চ পর্যায়ের মিয়ানমার সফর। এর আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে গত মাসে।
বাংলাদেশ-মিয়ানমার ব্যবসা উন্নয়ন পরিষদের প্রধান সৈয়দ মাহমুদুল হক বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ থাকলেও সরকারের ‘সিদ্ধান্তহীনতার’ কারণে তা পূর্ণ রূপ পায়নি।
এ বিষয়ে উদাহরণ হিসেবে তিনি বলেন, “যেমন ধরুন, আমরা এখনো [দেশটির সঙ্গে] সড়ক যোগাযোগের ব্যবস্থা করতে পারিনি। অথচ ভারত ইতিমধ্যে তার পূর্বাঞ্চলের সঙ্গে ১৬০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক তৈরি করেছে।”
“অথচ বাংলাদেশ এ বিষয়ে এর আগেই উদ্যোগ নিয়েছিল,” যোগ করেন ১৯৯০-এর দশকে বাংলাদেশ-মিয়ানমার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম কোম্পানি চালানো ব্যবসায়ী মাহমুদুল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিয়ানমারে নিজেদের প্রভাব দৃঢ় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। ভারতও খনিজসমৃদ্ধ দেশটির গ্যাসক্ষেত্র থেকে সুবিধা নিতে চাইছে।
এ অবস্থায় পিছিয়ে না থেকে বাংলাদেশও সক্রিয় হতে পারে বলে মন্তব্য করেন মাহমুদুল হক।
তিনি বলেন, ১৯৮০-এর দশকে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করলেও এর কোনো সুফল আনতে পারেনি বাংলাদেশ। এর মাধ্যমে মৎস্য খাতে স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, “গুরত্বটি যে আমরা বুঝতে পেরেছি তারই নজির প্রধানমন্ত্রীর এ সফর।”
ব্যবসায়ী মাহমুদুল বলেন, মিয়ানমারকে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সঙ্গে গ্যাসপাইপ লাইন স্থাপনের প্রস্তাব দিতে পারে বাংলাদেশ।
তিন দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে যৌথচুক্তির মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়তে পারে বলেও মনে করেন তিনি।
দুই দেশের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ প্রায় ১৫ কোটি ডলার।
তিনি বলেন, “এটা খুব সহজেই ৫০ কোটি ডলার হতে পারে।”
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশটির সেনাবাহিনীর উপ-প্রধান সোয়ে উইন গত মাসে বাংলাদেশ সফর করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ৯০ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়াননা মং লুইন বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৩৮ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল থাকছে।
মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রপতি থিন সেইনের সঙ্গে হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। একইদিন রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরে মিয়ানমারের রাজধানী নে পেইতে বাংলাদেশ চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা শেখ হাসিনার।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধীনেতা অং সাং সু চির সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচি নেই। যদিও দীর্ঘদিন গৃহবন্দি রাখার পর সু চিকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি তার দলকে আগামী উপনির্বাচনে অংশ নিতে দিচ্ছে ক্ষমতাসীনরা।
প্রধানমন্ত্রী মিয়ানমারে দুই দিন কাটিয়ে ৭ ডিসেম্বর সেখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন গণতন্ত্র বিষয়ে এক সম্মেলনে যোগ দিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসইউএম/পিডি/আরএ/১৫৩৩ ঘ.
bdnews24