২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমুতাং থেকে গ্যাস সরবরাহ শুরু

সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে বাপেক্স। এ ক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে বাপেক্স। এ ক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে। রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ও সেমুতাং গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. শহিদুজ্জামান খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাস সরবরাহ শুরু করা গেছে। সেমুতাং থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামেই সরবরাহ করা হবে।” কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরীও গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং এ গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে। গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক শহিদুজ্জামান জানান, বাপেক্স থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও হাইড্রলিক পরীক্ষার পর কেজিডিসিএল-এর সরবরাহ লাইন পরিষ্কার না হওয়ায় গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। গত ২১ নভেম্বর পাইপ লাইনের ‘হাইড্রলিক টেস্ট’ শেষ হয় বলে জানান তিনি। ১৯৬৭ সালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসক্ষেত্রে গ্যাস আবিষ্কৃত হয়। তৎকালীন ‘পাকিস্তান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি’ এ ক্ষেত্রে চারটি কূপ খনন করে। পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ১৯৯৭ সালে ‘কেয়ার্ন’ পঞ্চম কূপটি খনন করে। কিন্তু গ্যাস উত্তোলন লাভজনক হবে না মনে করে তারা কাজ বন্ধ করে চলে যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেমুতাংয়ের ৫ নম্বর কূপটি সংস্কারের পরিকল্পনা হয়। ২০০৮ সালের ২২ মে একনেকের বৈঠকে এ প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অনুমোদন হয়। সেমুতাং গ্যাস ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক শহীদুজ্জামান খান বলেন, “পাঁচটি কূপের মধ্যে ৫ নম্বর কূপ থেকেই গ্যাস উত্তোলন করা হবে। বাকি কূপগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেখান থেকে গ্যাস পাওয়া সম্ভব নয়।” ২০১২ সালে আরেকটি কূপ খননের পরিকল্পনা আছে বলে জানান তিনি। চলতি বছরের মাঝামাঝি কেজিডিসিএল কর্তৃপক্ষ সেমুতাং থেকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ফৌজি ফ্লাওয়ার মিল পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন নির্মাণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ//পিডি/২১৪৪ ঘ.