ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রী ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সপ্তাহব্যাপী গুঞ্জনের আপাত অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, রোববার বহুল আলোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়।
শপথ নেওয়ার ছয় দিনের মাথায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
গত ২৯ নভেম্বর ক্ষমতাসীন মহাজোটের মন্ত্রিসভার তৃতীয় দফায় স¤প্রসারণে মন্ত্রী হিসেবে শপথ নেন ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের। তিনি আওয়ামী লীগের গত সরকারে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
গত ২৮ নভেম্বর কাদেরের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও। তিনি রেল মন্ত্রণালয় পাচ্ছেন বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্র খবর ছাপিয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে রোববারই রেলপথ নামে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়। একইসঙ্গে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে হয় দুটি মন্ত্রণালয়। এগুলো হলো- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
বহুল আলোচিত-সমালোচিত আবুল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে সংবাদপত্রের খবর।
তবে মন্ত্রিসভার এ রদবদলের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা যায়।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা।
এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন। ওই বছর ৩১ জুলাই দ্বিতীয় দফা কলেবর বাড়ে মন্ত্রিসভার। সেদিন নতুন একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেন।
বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৫ জন- এদের ২৮ জন মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/০৯৫০ ঘ.
bdnews24