২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: মাহফুজ আবার রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য ফের এক দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

নরসিংদী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য ফের এক দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার নরসিংদীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা মাহফুজের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রিমান্ডে থাকা অপর আসামি নাসিরকে জেল হাজতে পাঠানোরও নির্দেশ দেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর গোয়েন্দা পুুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল সাংবাদিকদের জানান, বিকালে মাহফুজ ও নাসিরকে আদালতে হাজির করা হয়। মাহফুজকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত একদিন মঞ্জুর করে। এদিকে আদালতের নির্দেশে রিমান্ডে থাকা অপর আসামি নাসিরকে কারাগারে পাঠানো হয়, বলেন ওসি। লোকমান হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে মাহফুজ ও নাসিরকে গত ১৯ নভেম্বর গ্রেপ্তার করে নরসিংদী পুলিশ। ২০ নভেম্বর তাদের হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। একইদিন অস্ত্র মামলায় নাসিরকে অতিরিক্ত আরো চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১১ ঘ.