কে এম রায়হান কবীর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শরীয়তপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ধরতে গিয়ে চালু ড্রেজিং মেশিন না দেখায় ফিরে এসেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল ইসলাম পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে বালু উত্তোলন করার প্রমাণ পেয়েছি। তবে চালু অবস্থায় কোনো ড্রেজিং মেশিন পাইনি। অকেজো একটি মেশিন পাওয়া গেছে।”
তিনি বলেন, “আইন অনুযায়ী চালু অবস্থায় সবকিছু না পেলে জেল-জরিমানা করার বিধান নাই। ”
অকেজো মেশিন ছাড়াও খোলা অবস্থায় পাইপ পড়ে থাকতে দেখেও কোনো কিছুই জব্দ না করে ফিরে আসেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ভেদরগঞ্জ ভায়া ডামুড্যা পথে পদ্মার শাখা নদী থেকে মাস খানেক ধরে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হয়।
এরপর শরীয়তপুরের জেলা প্রশাসক ভেদরগঞ্জ ইউএনওকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীয়তপুরে কাউকেই বালু উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়নি।”
এর আগে ভেদরগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বালু উত্তোলনের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। এখনো অনুমোদনের কাগজ হাতে পাইনি। তবে শিগগিরই পেয়ে যাবো।”
নদী থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ এবং এ কাজে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নেওয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হওয়ায় আশপাশের এলাকার ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানায় এলাকাবাসী।
এলজিআরডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে ডামুড্যা বড় সেতু, শরীয়তপুর সদরের কোটাপাড়া সেতু, রাজগঞ্জ বড় সেতু এবং নড়িয়ার ডা. গোলাম মাওলা সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24