২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তিহীন সমালোচনা, অশালীন ব্লগ নয়: আশরাফ

ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা নিয়ে সমালোচনা করার সময় অনেকেই যুক্তি বাদ দিয়ে আবেগের ওপর ভর করেছেন বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা নিয়ে সমালোচনা করার সময় অনেকেই যুক্তি বাদ দিয়ে আবেগের ওপর ভর করেছেন বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জনমত প্রকাশের ক্ষেত্রে সম্পাদকীয় নীতি প্রয়োগের আহবানও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। শনিবার গণবভনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশন ভাগের সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “সাবেক আমলা, বুদ্ধিজীবী, সমালোচকদের কেউ কেউ বলছেন- ঢাকা ভাগ হয়ে গেছে, পৃথিবীর কোনো শহরে দুইটা সিটি কর্পোরেশন নেই, ঢাকা ভাগ হওয়ায় আমার কবর কোথায় হবে?” সৈয়দ আশরাফের যুক্তি, প্রশাসনিক সুবিধার জন্য দেশে ১৯ জেলাকে ৬৪ জেলা করা হয়েছে। আগামীতে আরো ১৯টি সিটি কর্পোরেশন হবে। গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি হয়েছে। কখনো কেউ প্রতিবাদ করেনি। একইভাবে ডিসিসিকে প্রশাসনিক পুনর্বিন্যাস করতে দুটি ভাগ করা হয়েছে। তার বক্তব্য, যুক্তি ও তথ্য দিয়ে কেউ যদি বিতর্ক করেন, সমালোচনা করে বলে থাকেন যে, ডিসিসি ভাগ করা ঠিক হয়নি- তা হলে ভালো। কারণ, পিতাপুত্রে, ভাইয়ে-ভাইয়েও দ্বিমত থাকতে পারে। কিন্তু কবর কোথায় হবে, এমন বক্তব্যের নজির পৃথিবীতে নেই; এ ধরনের আবেগাপ্লুত ও তথ্যহীন বক্তব্য যুক্তির কথা হতে পারে না। যুক্তি ও তথ্যনির্ভর আলোচনা হলে সব সময় উত্তর দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ঢাকাকে ভাগ করা হয়নি জানিয়ে আশরাফ বলেন, “এখানে তো বাংলাদেশ পকিস্তান ভাগ হয়নি, কাটাতারের বেড়াও নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পাসপোর্টও নেই। বিদেশিরা এলে কোন ঢাকা দেখবেন?- তা হলে আবেগ দিয়ে এসব কথা কেন?” লন্ডন, ওয়াশিংটন, সিডনি, মেলবোর্ন শহরের একাধিক সিটি কর্পোরেশন আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইলেক্ট্র্রনিক মিডিয়া ও সংবাদ মাধ্যমে একতরফা বক্তব্য না রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “একতরফা বক্তব্য শুনতে শুনতে ও পড়তে পড়তে মানুষ ওই মাধ্যমের ওপর আস্থা হারাবে। আমরা আশা করি, নিজেদের গ্রহণযোগ্যতার জন্য দুই পক্ষের বক্তব্য দেওয়ার সুযোগ রাখতে হবে।” ব্লগ মডারেশনের পরামর্শ গণমাধ্যমে অনলাইনে ব্লগ প্রচলনের প্রশংসা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে তাতে ব্যক্তির বিরুদ্ধে অশালীন ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য দেওয়া হয় মন্তব্য করে সেগুলো মডারেশন না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, “শেখ হাসিনা (প্রধানমন্ত্রী), খালেদা জিয়া (বিরোধীদলীয় নেত্রী), আমি (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব)সহ অনককে নিয়ে ব্লগে অশালীন ও কুৎসিত কমেন্ট করা হয়। যার সঙ্গে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। দুয়েকটা পত্রিকা নীতিগত ও সম্পাদকীয় নীতি অনুযায়ী অশালীন মন্তব্য ছাপে না। সবাইকে ব্লগ মডারেট করতে হবে।” ব্লগ এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে, মন্তব্য করেন তিনি। আশরাফ বলেন, “নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখতে ব্লগগুলো মনিটর করুন।” এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর একজন মুখপাত্র বলেন, “আমাদের ব্লগ ও মতামত বিভাগের মন্তব্যে মডারেশন ছাড়া একটি শব্দও প্রকাশ করা হয় না।” তিনি বলেন, “জনপ্রিয়তা পেতে বিভিন্ন ব্লগের মধ্যে একটি অশুভ প্রতিযোগিতা চলে। এ কারণেই প্রায় সব ব্লগে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশ হতে দেখা যায়।” ওই মুখপাত্র জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে তাদের সম্পাদকদের এ বিষয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের শেষ সুযোগ আগামীতে যে দলই ক্ষমতায় আসুক- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এবারই শেষ সুযোগ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। “মানবতার বিরুদ্ধে এ অপরাধের বিচার না করলে জাতি সারাজীবন কলঙ্ক বয়ে বেড়াবে। আওয়ামী লীগ আবার আসতে পারে, নাও আসতে পারে। বিএনপি আবার আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু আগামীতে মুক্তিযোদ্ধারাও থাকবে না, যুদ্ধাপরাধীরাও থাকবে না। এটাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের লাস্ট চান্স,” বলেন তিনি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “উনি আর রাখঢাক করছেন না, ঘোমটা বাদ দিয়ে তাদের রক্ষা করার জন্যে নেমেছেন।” আলোচনাই সমস্যার সমাধান যে কোনো ধরনের রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী। “যুদ্ধ করার কাজ রাজনীতিবিদদের না, এটা সেনাবাহিনীর কাজ। মুক্তিযুদ্ধের পর যত সংকটই হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আগামীতেও তাই হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫১ ঘ.